Friday, July 17, 2026

পাহাড়ে ভক্তির জোয়ার: শিলং রামকৃষ্ণ মিশনে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

 


গভীর আধ্যাত্মিক উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে গতকাল লাইতুমখ্রাহ স্থিত শিলং রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে উদযাপিত হলো পরম পবিত্র শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবমেঘালয়ের এই শান্ত পাহাড়ি শহরে রথযাত্রা উপলক্ষে সমবেত হয়েছিলেন শয়ে শয়ে পুণ্যার্থী ও ভক্তবৃন্দ। কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি এবং হরিণাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে সমগ্র আশ্রম প্রাঙ্গণ।

উৎসবের সূচনা হয় মিশনের মূল প্রার্থনা হলের অভ্যন্তরে। সেখানে শ্রীশ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সান্নিধ্যে এক অপরূপ কাষ্ঠনির্মিত মিনি রথ স্থাপন করা হয়েছিল। লাল গম্বুজ, ধ্বজা এবং পবিত্র 'ওঁ' কার খচিত রথটি নানা ফুলের মালায় সুশোভিত ছিল।

রথের অভ্যন্তরে অধিষ্ঠিত ছিলেন শ্রীজগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর দিব্য বিগ্রহ। রামকৃষ্ণ মিশনের পূজনীয় সন্ন্যাসীবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সাথে মহাশোভাযাত্রার পূর্বে দেববিগ্রহের আরতি ও চামর ব্যজন সম্পন্ন করেন। এই সময় হলঘরে উপস্থিত অগণিত ভক্ত করজোড়ে এই পুণ্য মুহূর্তের সাক্ষী হন।





মূল মন্দিরের অভ্যন্তরীণ আচার-অনুষ্ঠান শেষে শ্রীজগন্নাথদেবের রথটি বাইরে আনা হয়। মন্দিরের মূল সিংহদুয়ারের সামনে জড়ো হওয়া ভক্তদের মধ্যে রথের রশি স্পর্শ করার এক অভূতপূর্ব ব্যাকুলতা দেখা যায়।


আশ্রমের সিঁড়ি এবং চত্বর জুড়ে লাইনে দাঁড়িয়ে আবালবৃদ্ধবনিতা ভক্তিভরে রথ টেনে এগিয়ে নিয়ে যান। সন্ন্যাসী ও আশ্রমের স্বেচ্ছাসেবকদের সুশৃঙ্খল পরিচালনায় রথযাত্রাটি সম্পূর্ণ আশ্রম প্রাঙ্গণ পরিক্রমা করে। ভক্তরা উলুধ্বিনি এবং নাম-কির্তন  দিয়ে ভগবান জগন্নাথের প্রতি নিজেদের শ্রদ্ধা নিবেদন করেন। অনেকে এই আনন্দঘন মুহূর্ত মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন।


শিলং রামকৃষ্ণ মিশনের এই রথযাত্রা উৎসব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের এক অপূর্ব মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। পরিশেষে, মহাসমারোহে রথযাত্রা সুসম্পন্ন হওয়ার পর উপস্থিত সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে পরম পবিত্র 'মহাপ্রসাদ' বিতরণ করা হয়।

No comments:

Post a Comment